ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে, এ বিষয়ে আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে।

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের ওপর হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা আপিল বিভাগের চেম্বার আদালত আরও বাড়িয়েছে। আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।

আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালত জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি প্রথম আইটেম হিসেবে শুনানিতে আসবে।

এর আগে গত সোমবার হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত করেন, ফলে ৯ সেপ্টেম্বরের নির্বাচন আটকে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করলে আপাতত বাধা কাটে।

আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিভিল মিসলেনিয়াস পিটিশন দাখিল করা হলে সম্পূরক কার্যতালিকায় সেটি শুনানি হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিশির মনির ও সাদ্দাম হোসেন, আর রিটকারীর পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে অংশ নেন।

ডাকসুর নির্বাচনে ৯ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা। এবার ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বামপন্থী সংগঠনসহ মোট প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। হল সংসদের ১৩টি পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।

রিটে বলা হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈধতা দেওয়া হয়েছে, যা ডাকসুর গঠনতন্ত্রবিরোধী। আদালত এ বিষয়ে ট্রাইব্যুনালে ১৫ দিনের মধ্যে অভিযোগ দাখিলের নির্দেশ দেন এবং ২১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন।