তারেক রহমান নুরের ওপর হামলার ঘটনার তদন্ত দাবি করেছেন প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করে এ ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। তারেক রহমান লিখেছেন, নুরের ওপর হামলা ও কাকরাইলের সহিংসতা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে দেশ একটি নাজুক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। তাই আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়, তা সবার সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রপন্থী শক্তিগুলো—যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও রয়েছে—তাদের সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দেওয়া এখন জরুরি। দেশকে বর্তমান অস্থির অবস্থা থেকে বের করে আনা অপরিহার্য। তারেক রহমানের মতে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মব ভায়োলেন্সের সংস্কৃতি পরিহার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায়, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই জাতি হিসেবে সাফল্য অর্জন সম্ভব। শেষে তিনি সরকারের প্রতি নুরের ওপর হামলার ঘটনার আইনি তদন্তের জোর দাবি জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পোস্ট ভিউ : ২৫৭ SHARES আইন আদালত বিষয়: