ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসা প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসার জন্য একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার সকালে জানান, নুরুল হকের মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে আগামী ৪৮ ঘণ্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না। শুক্রবার রাতেই তাঁর চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার সকালে বোর্ডের বৈঠকে চিকিৎসা সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের দাবি, জাপার কর্মীরা তাদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে জাপা বলছে, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরাই প্রথম আক্রমণ চালায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, রাত সাড়ে ৯টার দিকে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনা সদস্যরা তাঁদের ওপর হামলা চালায়। এতে সভাপতি নুরুল হকসহ শতাধিক নেতা-কর্মী আহত হন এবং ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বারবার অনুরোধ করলেও কিছু নেতা-কর্মী তা অমান্য করে সহিংসতা শুরু করে। তারা বাহিনীর ওপর আক্রমণ, মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন। পোস্ট ভিউ : ১৪৬ SHARES রাজনীতি বিষয়: