মির্জা ফখরুল বলেছেন, রাষ্ট্রের পুরো ব্যবস্থা আজ দখল হয়ে গেছে। প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ মির্জা ফখরুল বলেছেন, রাষ্ট্রের পুরো ব্যবস্থা আজ দখল হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব সংসদ সদস্যরা নিয়ে নিয়েছেন, অথচ এটি তাদের কাজ নয়। আইন প্রণয়নের বদলে তারা উন্নয়নকাজ, ভবন নির্মাণ কিংবা গাড়ি কেনার মতো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের পুরো ব্যবস্থা আজ দখল হয়ে গেছে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা যখন একটি প্রগতিশীল সমাজ, মানবাধিকারের সুরক্ষা ও বৈষম্যহীন পরিবেশ চাই, তখন সরকার উল্টোভাবে মানুষের চিন্তাধারা বিভ্রান্ত করছে এবং উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে। এতে হতাশা সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বনাশের দিকে নিয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। এই ক্ষতি এক-দেড় বছরে পূরণ সম্ভব নয়। তার মতে, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করছে, এমনকি অনেক সময় উপদেষ্টারাও অসহায় হয়ে পড়েন। মফস্বলের শিক্ষককে সামান্য সমস্যার সমাধানের জন্য ঢাকায় আসতে হয়, কারণ সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। বিশ্ববিদ্যালয়, স্কুল কিংবা নার্স নিয়োগ—সব ক্ষেত্রেই ঘুষ দিতে হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাগপা চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সাবেক এমপি রেহানা আক্তার রানু। সভা সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন। পোস্ট ভিউ : ১৮৯ SHARES রাজনীতি বিষয়: