ডাকসু নির্বাচনে এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

ডাকসু নির্বাচনে এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখনো পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সংগঠনটির নেতা–কর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিন ধাপে ভাগ হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের নেতারা।

তাঁরা জানান, সংগঠন থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটি এখনও ঠিক হয়নি। আজ রাতেই প্যানেল চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।

ছাত্রদলের জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল এখনও চূড়ান্ত হয়নি। আজ রাতেই আমরা সেটি নির্ধারণ করব। তবে যেহেতু আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, তাই শিক্ষার্থীদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছি। গত ১৭ বছরে ফ্যাসিবাদী আমলে রাজপথে যারা আন্দোলন করেছেন, তাদের নিয়েই আমরা প্যানেল গঠন করব। ‘টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন’ স্লোগানে এবারের ডাকসু নির্বাচনে অংশ নিতে চাই। আমরা বিশ্বাস করি, ছাত্রদল বিপুল ভোটে জয়ী হয়ে নেতৃত্ব দেবে।”

তিনি আরও জানান, ছাত্রদল একটি বড় সংগঠন। গত দুই দশকে বহু শিক্ষার্থী ত্যাগ স্বীকার করেছেন। ২৮টি পদের বিপরীতে প্রায় ৪০০ জন প্রার্থী রয়েছে। যোগ্যতায় সবাই সমান হওয়ায় প্যানেল চূড়ান্তে দেরি হচ্ছে।

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমাও মনোনয়নপত্র নিয়েছেন।

ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। যাচাই–বাছাই শেষে আগামী ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে মোট ১২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এর মধ্যে ৩৮ জন ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।