কুয়েতে বিষাক্ত মদপানে ১০ প্রবাসীর মৃত্যু, হাসপাতালে আরও কয়েকজন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

কুয়েতে বিষাক্ত মদপানের ঘটনায় প্রাণ হারালেন ১০ জন প্রবাসী। নিহতদের মধ্যে একাধিক বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কুয়েতে বিষাক্ত মদপানে ১০ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অ্যালকোহল থেকে বিষক্রিয়ার কারণেই এ প্রাণহানি ঘটেছে।

কুয়েতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জিলিব ব্লক–৪ এলাকা থেকে ওই মদ কেনা হয়েছিল। ঘটনার পরপরই প্রায় ১৫ জন প্রবাসীকে ফরওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়।

এছাড়া, আহমাদী গভর্নরেটের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত করা না গেলেও, প্রবাসী বাংলাদেশিদের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে।