বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসে : ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইডি কার্ড দেখাতে হচ্ছে, অন্যথায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। পুরো ক্যাম্পাসে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সঙ্গে আছে ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা।

শহীদ মিনার, নীলক্ষেত, পলাশী, উদয়ন স্কুল, ফুলার রোড ও দোয়েল চত্বরসহ প্রধান প্রবেশপথগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ পরিচয়পত্র দেখিয়ে শুধু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে যানবাহন চলাচলও সীমিত রাখা হয়েছে—বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন ছাড়া আর কিছু ঢুকতে পারছে না।

শাহবাগ ও অন্যান্য প্রবেশমুখে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যাম্পাসের ভেতরে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসিটিভি নজরদারি, মোবাইল টহল, রিজার্ভ ফোর্স এবং আটটি চেকপোস্ট বসানো হয়েছে।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, সোমবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রতিটি হলে শিক্ষকদের নিয়ে ‘ভলান্টিয়ার টিম’ গঠন করেছে নিরাপত্তা নিশ্চিতে।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন ছাত্রী। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, এর মধ্যে ১৮,৯৫৯ জন ছাত্রী এবং ২০,৯১৫ জন ছাত্র।