ডাকসু নির্বাচনে ফল নির্ভর করবে মূলত ছাত্রীদের ভোটের ওপর। প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে হলে হলে প্রচার চালাচ্ছেন। শেষ সময়ে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ছাত্রীদের ভোট, যা জয়–পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জনের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। তাই ছাত্রীদের আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার মতো বিষয়গুলো সব প্যানেলের ইশতেহারে গুরুত্ব পেয়েছে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিশ্রুতি দিয়েছেন নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরির। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন, নির্বাচিত হলে ‘ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট’ নীতি বাস্তবায়ন করবেন। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আবু সাদিক কায়েম জানিয়েছেন, তাঁরা আবাসন সংকট নিরসন ও স্বাস্থ্য-খাদ্য নিরাপত্তায় কাজ করবেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, ছাত্রীদের ভোটকেন্দ্রে নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন, মোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, তাই তারাই নির্বাচনের ফল নির্ধারণে মূল ফ্যাক্টর হবেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রোববার, আর ভোটগ্রহণ হবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। পোস্ট ভিউ : ১৭৮ SHARES রাজনীতি বিষয়: